অন্তর্বর্তী সরকার ভোটের উপযুক্ত এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, “এবারের ভোট হবে দিনের বেলা, রাতের ভোট আর নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর সুযোগ এসেছে। এ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।”
বুধবার (১ অক্টোবর) সরকারি মাদরাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা জানান, ২৫০ বছরের ইতিহাসে আলিয়া মাদরাসার অবদান অনস্বীকার্য। রাজধানীর ঐতিহাসিক এই মাদরাসা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, “অতি আধুনিক শিক্ষার নামে মাদরাসা শিক্ষা পবিত্র কোরআন-হাদিস থেকে সরে গিয়ে কোণঠাসা হয়ে গেছে। মনে রাখতে হবে, মাদরাসা শিক্ষা বিশেষায়িত শিক্ষা। আধুনিকতার পাশাপাশি মাদরাসা শিক্ষার মূল ভিত্তি থাকতে হবে কোরআন, হাদিস ও ফেকাহ।”

অনলাইন ডেস্ক 




