ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) এর ধারাবাহিক বিশেষ অভিযানে ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৯ হাজার ৫০০ টাকা।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। পৃথক তিনটি অভিযানে ডিবির বিভিন্ন টিম চারজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুন রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানার উত্তর গাজীরচট এলাকায় অভিযান চালান ডিবি (উত্তর) এর এসআই (নিঃ) আরিফুল ইসলাম। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মো. শামীম ওরফে এখলাছ (২৮) কে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃত শামীমের বাড়ি ঝিনাইদহ জেলার সদর থানার কোলা এলাকায় হলেও তিনি আশুলিয়ার জামগড়া হাকিম মার্কেট এলাকায় ভাসমানভাবে বসবাস করতেন।
অপরদিকে একই দিন রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানার তালবাগ এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া। এ সময় মো. শহিদুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। শহিদুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার চরবলদিয়া এলাকায় হলেও তিনি সাভারের তালবাগ এলাকায় বসবাস করতেন।
এছাড়া ২ জুন ভোর ৪টা ১০ মিনিটে ধামরাই থানার কালামপুর এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. নাফিউল ইসলাম পিপিএম। অভিযানে মো. আছলাম হোসেন (২৩) ও মো. বিল্লাল হোসেন (৩৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আছলামের বাড়ি ধামরাইয়ের গোপালকৃষ্ণপুর এলাকায় এবং বিল্লাল হোসেনের বাড়ি একই থানার বাসনা এলাকায়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শামীম ওরফে এখলাছের বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল এবং অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত চার আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের দাবি, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ঢাকা জেলা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

বাংলাদেশ খবর ডেস্ক 






