মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রেখেছে ঢাকা জেলা পুলিশ। পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত পৃথক দুটি অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে একাধিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
প্রথম অভিযানে গত ১৩ জুন দুপুর ১টা ৫ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া শিমুলতলা এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান। সংগীয় ফোর্সসহ পরিচালিত এ অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ ইয়াসিন আরাফাত (২৪) কে গ্রেফতার করা হয়। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী থানার ভেলাবাড়ি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে আশুলিয়ার শিমুলতলা দরগাপাড়া রোড এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৫ গ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
এদিকে একই দিনে রাত ১১টা ৪০ মিনিটে আশুলিয়া থানাধীন ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি পৃথক অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া। অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী মাসুমা (৪০) কে গ্রেফতার করা হয়। তিনি আশুলিয়ার গাজীরচট মুন্সিপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ২ গ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত উভয় আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী, মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর ও জোরালো অভিযান পরিচালনা করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পুলিশ সর্বদা বদ্ধপরিকর বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ খবর ডেস্ক 

