ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ পুরিয়া হেরোইনসহ মোট ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে গত ১৪ জুন জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ছপুর উদ্দীন (৬০) ও লুৎফর রহমান (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬০০ টাকাসহ গ্রেফতার করা হয়।
একইদিন সাভারের বক্তারপুর এলাকায় পৃথক অভিযানে হেলেনা আক্তার (৩৫) ও নুরজাহান বেগম (২৭) নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে ১২০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ।
এছাড়া ধামরাইয়ের কসমচ এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন (৪২)-কে ৫০ পিস ইয়াবাসহ এবং আশুলিয়ার গেরুয়া এলাকা থেকে আসাদ মিয়া (৩৮)-কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অন্যদিকে, সাভার মডেল থানার আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে শাফিরুল ইসলাম নয়ন (৩৬)-কে ৩০০ পুরিয়া হেরোইনসহ আটক করে ডিবি (উত্তর)। উদ্ধারকৃত হেরোইনের ওজন ৩০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার শাফিরুল ইসলাম নয়নের বিরুদ্ধে পূর্বে ৩টি মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত মাদকের মধ্যে ৩৭০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১১ হাজার টাকা এবং ৩০০ পুরিয়া হেরোইনের মূল্য প্রায় ৯০ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।

বাংলাদেশ খবর ডেস্ক 






