ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাসও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে ডিবি (উত্তর)-এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১৩ জুন রাত ২টা ১৫ মিনিটে সাভার মডেল থানার আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মোঃ রাজিব মিয়া ওরফে রাজু (২৩), রাকিব মিয়া (২২) এবং মোঃ জুয়েল মিয়া (৩২)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ ১৪-১০২৪ নম্বরের একটি সিলভার রঙের হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে মাইক্রোবাসটি বিশেষভাবে মডিফাই করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছিল।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত রাজিব মিয়ার বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ মোট পাঁচটি মামলা এবং জুয়েল মিয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ খবর ডেস্ক 

