জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ মো. ওসমান হাদী আর নেই। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার রাতে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসমান হাদীর নিউরোসার্জারি টিমের অন্যতম সদস্য ডা. মো. আব্দুল আহাদ। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান-পরবর্তী বলিষ্ঠ কণ্ঠস্বর প্রাণপ্রিয় শরীফ ওসমান হাদী ভাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা জানতে পেরেছি, তিনি পরপারে চলে গেছেন।’
যেভাবে গুলিবিদ্ধ হন
গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদী। রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের আরোহী খুব কাছ থেকে তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তাঁর মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। গুলি ছুড়ে মোটরসাইকেলের গতি বাড়িয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
চিকিৎসার ধারাবাহিকতা
গুরুতর আহত অবস্থায় তাঁকে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মাথায় অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা শেষে একই দিন সন্ধ্যায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে তাঁর মৃত্যু হয়।
রাজনৈতিক অঙ্গনে শোক
শরীফ মো. ওসমান হাদীর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও সমর্থকরা তাঁকে জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি সাহসী ও দৃঢ় কণ্ঠ হিসেবে স্মরণ করছেন।

অনলাইন ডেস্ক 





