অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে আজ (সোমবার, ৬ অক্টোবর) জেরা করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট বিচারিক প্যানেলে এ জেরা অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা আলমগীর। সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনাল আজকের দিনটি জেরার জন্য নির্ধারণ করে। সেদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম; উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্যরা।
২৯ সেপ্টেম্বর দ্বিতীয় দিনের সাক্ষ্যে জবানবন্দি দেন আলমগীর। এর আগের দিন, ২৮ সেপ্টেম্বর তার জবানবন্দি শুরু হয় এবং ওইদিন তার জব্দকৃত ১৭টি ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শিত হয়। ভিডিওগুলোতে গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত সহিংসতা ও নির্মমতার চিত্র তুলে ধরা হয়।
সব মিলিয়ে ২৫ কার্যদিবসে শেখ হাসিনার মামলায় মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। শেষ সাক্ষীর জেরা শেষ হলে মামলাটি যুক্তিতর্ক ও রায়ের পর্যায়ে যাবে।
এর আগে, ২৪ সেপ্টেম্বর মামলার ২২তম দিনের সাক্ষ্যগ্রহণে বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা সাক্ষ্য দেন এবং পরে তাকে জেরা করেন আইনজীবী আমির হোসেন।
মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও ৩৬ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। তিনি দায় স্বীকার করে আগেই রাজসাক্ষী হয়েছেন।
সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে, গত বছরের জুলাই-আগস্টে সারা দেশে সংঘটিত হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞের পেছনে নেতৃত্ব ও দায় ছিল শেখ হাসিনা ও কামালসহ অন্যান্য জড়িতদের। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা মামলায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অনলাইন ডেস্ক 








