ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। গ্রেপ্তার ব্যক্তিদের পেশাদার মাদক কারবারি বলে দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) সন্ধ্যায় আশুলিয়া ও সাভার মডেল থানা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম অভিযানটি পরিচালিত হয় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আশুলিয়া থানাধীন বুড়িরবাজার আমতলা এলাকায়। এ সময় ৬৫০ গ্রাম গাঁজাসহ মোসা. পারভীন আক্তার (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি আশুলিয়ার বগাবাড়ি বাজার আমবাগান কবরস্থান এলাকার বাসিন্দা। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার মডেল থানাধীন সিন্ধুরিয়া দক্ষিণপাড়া এলাকায়। অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওমর ফারুক ওরফে টিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি সাভার থানাধীন বক্তারপুর (পোড়াবাড়ি) এলাকার বাসিন্দা। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লেবু মিয়া (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার টিয়াগাছা (ভবানীপুর) এলাকার বাসিন্দা। বর্তমানে আশুলিয়া থানাধীন কোণাপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজনের কাছ থেকে মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মোট বাজারমূল্য ৪৩ হাজার ৫০০ টাকা।
অভিযানগুলোতে ডিবি উত্তরের উপপরিদর্শক (এসআই) মো. আঃ মুত্তালিব, মোহাম্মদ শাহাদাৎ হোসেন ও শেখ মফিজুর রহমান নিজ নিজ দল নিয়ে অংশ নেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার পারভীন আক্তারের বিরুদ্ধে এর আগেও ছয়টি মাদকসংক্রান্ত মামলা রয়েছে। বিষয়টি তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত পূর্ববর্তী মামলার তথ্য হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সাভার ও আশুলিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।

বাংলাদেশ খবর ডেস্ক 

