শীতকাল আমাদের জন্য আনন্দের ঋতু হলেও চুলের জন্য এটি বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে আসে। এই সময় ঠান্ডা আবহাওয়া ও কম আর্দ্রতার কারণে চুল হয়ে পড়ে শুষ্ক, রুক্ষ এবং আগা ফাটা সমস্যায় ভোগে অনেকেই। তাই শীতকালে চুলের যত্নে নিয়মিত ডিপ কন্ডিশনিং অত্যন্ত জরুরি।
অনেকে মনে করেন, শুধু শ্যাম্পুর পর বাজারজাত কন্ডিশনার ব্যবহার করলেই চুলের যত্ন সম্পূর্ণ হয়। কিন্তু প্রকৃতপক্ষে চুলের সার্বিক স্বাস্থ্য বজায় রাখতে প্রাকৃতিক উপাদানে তৈরি ঘরোয়া কন্ডিশনার প্যাকের বিকল্প নেই। চলুন জেনে নেওয়া যাক শীতকালে চুল সুন্দর রাখতে কার্যকর কিছু ঘরোয়া ডিপ কন্ডিশনিং প্যাক সম্পর্কে—
১. পাকা কলার কন্ডিশনার
কলা প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে চুলকে নরম ও ঝলমলে রাখতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন বি৬, পটাশিয়াম ও প্রোটিন চুলকে পুষ্টি জোগায়।
ব্যবহারবিধি:
১টি পাকা কলা ভালো করে বেটে নিন। এর সঙ্গে ১ চা চামচ মধু, ১টি ডিম ও সামান্য দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এরপর ভালো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
২. দইয়ের জাদুকরি প্যাক
দই চুলের জন্য প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিডের উৎকৃষ্ট উৎস। এটি চুল মসৃণ করে, মাথার ত্বক পরিষ্কার রাখে এবং চুলকানি কমাতে সহায়তা করে।
ব্যবহারবিধি:
টক দই, কলা, মধু ও জলপাই তেল একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। যাদের ঠান্ডা বেশি লাগে, তারা ১০ মিনিটও রাখতে পারেন।
৩. অ্যালোভেরা প্যাক
অ্যালোভেরা চুলের পিএইচ ভারসাম্য ঠিক রাখে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে।
ব্যবহারবিধি:
৪ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে চুলে লাগান। ৫–১০ মিনিট রেখে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে দুইবার ব্যবহার করা যেতে পারে।
৪. তৈলাক্ত চুলের জন্য আপেল সিডার ভিনেগার
আপেল সিডার ভিনেগার চুলের অতিরিক্ত তেল কমায়, পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং খুশকি দূর করতে সাহায্য করে।
ব্যবহারবিধি:
শ্যাম্পু করার পর ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার এক মগ পানির সঙ্গে মিশিয়ে চুলে ঢালুন। ৫ মিনিট হালকা ম্যাসাজ করে আবার হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।
৫. নারকেল তেলের সহজ সমাধান
নারকেল তেল চুলের গোড়া মজবুত করে এবং চুলকে নরম ও মসৃণ রাখে।
ব্যবহারবিধি:
১ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে শ্যাম্পুর সময় চুলে লাগান। ২০ মিনিট রেখে হালকা গরম পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
নিয়মিত এসব ঘরোয়া ডিপ কন্ডিশনিং প্যাক ব্যবহার করলে শীতকালেও চুল থাকবে নরম, মসৃণ ও ঝলমলে। পাশাপাশি কমবে চুলের শুষ্কতা, রুক্ষতা ও আগা ফাটার সমস্যা।

লাইফস্টাইল ডেস্ক 












