আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির নেতৃত্বাধীন জোটের তুলনায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট অনেকটাই এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় দেশে একটি নিরাপত্তাহীন পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যেই মাঠপর্যায়ে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নিরাপত্তাহীনতার মধ্য দিয়েই আমরা মাঠে কাজ করে যাব। নির্বাচনী প্রস্তুতির দিক থেকে আমি বলব, বিএনপির জোটের তুলনায় জামায়াত ও এনসিপির জোট অনেকখানি এগিয়ে।’
তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে নির্বাচনের মাঠে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নিজেদের অনাস্থার কথা জানানো হয়েছে।
নাহিদ বলেন, ‘এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের কোনো আত্মবিশ্বাস নেই।’
একটি বিশেষ দলকে সুবিধা করে দিতে প্রশাসনিকভাবে সিগন্যালিং করা হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা। তাঁর ভাষায়,
‘ঋণখেলাপি থাকা অনেক ব্যক্তির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নানাভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে।’ এসব বিষয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থান নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ খবর ডেস্ক 





