৩৬ জুলাই উপলক্ষে সাভারে শুরু হয়েছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ‘জুলাইয়ের লেন্স’। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
শনিবার দুপুরে সাভারের ব্যাংক কলোনী এলাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, ইতিহাসকে ধারণ ও সংরক্ষণ করতে হলে বাস্তব ঘটনার দলিল হিসেবে আলোকচিত্রের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্ম যাতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনাবলি, আত্মত্যাগ এবং সংগ্রামের ইতিহাস জানতে পারে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রদর্শনীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, আন্দোলনের চিত্র, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং বিশেষ করে সাভারে নিহত শহীদদের স্মরণে সংরক্ষিত আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী ঘুরে দেখে দর্শনার্থীরা আন্দোলনের নানা স্মৃতিচিহ্ন ও ঘটনাপ্রবাহ সম্পর্কে ধারণা লাভ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ প্রদর্শনীতে অংশ নেন।
আয়োজকরা জানান, শুধু একটি প্রদর্শনী নয়, বরং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ইতিহাসভিত্তিক আরও নানা কর্মসূচি গ্রহণ করা হবে।
প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা জানান, ছবিগুলো শুধু ইতিহাসের দলিল নয়, বরং আন্দোলনের আত্মত্যাগ, সাহস ও সংগ্রামের এক জীবন্ত সাক্ষ্য। এমন আয়োজন নিয়মিত হলে তরুণ প্রজন্ম দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস সম্পর্কে আরও সমৃদ্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

বাংলাদেশ খবর ডেস্ক 






