ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা বলেছেন, ১৯৭২ সালের সংবিধানকে আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাটাছেঁড়া করেছে। তিনি বলেন, দেশের জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় এ দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে সাভারের থানা রোড এলাকার একটি কমিউনিটি সেন্টারে ১১ দলীয় জোট, ঢাকা জেলা আয়োজিত ‘জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইলিয়াস মোল্লা বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতা এবং জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, ১৯৭২ সালের সংবিধান বিভিন্ন সময়ে ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রয়োজনে সংশোধন ও পরিবর্তনের মাধ্যমে মূল চেতনা থেকে বিচ্যুত হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনাকে বাস্তবে রূপ দিতে হলে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন অপরিহার্য। এ বিষয়ে সরকার দীর্ঘসূত্রতা করলে জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন গড়ে তোলা হবে।
সেমিনারে বক্তারা দেশের রাজনৈতিক সংস্কার, গণতন্ত্র, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়েও মতামত তুলে ধরেন। তারা বলেন, জাতীয় ঐক্য ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নের মাধ্যমে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সময়ের দাবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দিদারে আলম মহসিন, ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলাওয়ার হোসাইনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
সেমিনারে অংশগ্রহণকারীরা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সাংবিধানিক সংস্কার এবং জুলাই আন্দোলনের লক্ষ্য ও অর্জন নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ খবর ডেস্ক 






