নতুন বছরের শুরুতে ভোক্তাদের জন্য স্বস্তির খবর এলো। ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন—সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে কমিয়েছে সরকার।
২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করেছে সরকার। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন দাম কার্যকর হয়েছে বুধবার দিনগত মধ্যরাত (১ জানুয়ারি) থেকে।
নতুন ঘোষণায় অনুযায়ী— ডিজেল: প্রতি লিটার ১০৪ টাকা থেকে কমে ১০২ টাকা। কেরোসিন: প্রতি লিটার ১১৬ টাকা থেকে কমে ১১৪ টাকা। অকটেন: প্রতি লিটার ১২৪ টাকা থেকে কমে ১২২ টাকা। পেট্রোল: প্রতি লিটার ১২০ টাকা থেকে কমে ১১৮ টাকা। এতে বলা হয়েছে, কেরোসিনের দাম ফর্মুলা অনুযায়ী পেট্রোলের দামের চেয়ে ৪ টাকা কম নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুসরণ করেই জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে এই দাম কমানো হয়েছে।
এর আগে সর্বশেষ গত ১ ডিসেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বাড়ানো হয়েছিল।

অনলাইন ডেস্ক 









