ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে দেশের ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গন। আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে আসর শুরুর আগেই ‘নিরাপত্তা ঝুঁকি’র অজুহাতে তাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানান।
ড. আসিফ নজরুল তার স্ট্যাটাসে লিখেছেন, “উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন— বিষয়টি বিস্তারিতভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)–কে লিখিতভাবে জানাতে।
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, “যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের পুরো ক্রিকেট দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে—এটা নিরাপদ বলা যায় না।”
এ প্রসঙ্গে তিনি বিসিবিকে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতে নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করেন।
এছাড়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করে তিনি বলেন, “বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করার বিষয়টি বিবেচনায় নেওয়া হোক।”
স্ট্যাটাসের শেষাংশে ক্রীড়া উপদেষ্টা দৃঢ় ভাষায় লেখেন, “আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, আমাদের ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।”
বিসিবির বড় পদক্ষেপের প্রস্তুতি
এদিকে, ভারতকে ঘিরে সৃষ্ট সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রিকেটে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সূত্রে জানা গেছে, রোববার আইসিসির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী মাসেই শুরু হতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজক। সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

বাংলাদেশ খবর ডেস্ক 






