রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ছুটির দিন হওয়ায় অধিকাংশ মানুষ বাড়িতে অবস্থান করলেও আকস্মিক এই কম্পন আতঙ্ক সৃষ্টি করেছে সর্বত্র।
অনেকেই তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে ভূকম্পনের অভিজ্ঞতা ও আতঙ্কের নানা বর্ণনা। সেই আলোচনায় পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও।
চঞ্চল চৌধুরীর অনুভূতি
বেলা ১১টা ৪৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন—“ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা…! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন। সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুন।”
বর্ষার ধর্মীয় ভাবনা
চিত্রনায়িকা বর্ষা তার অনুভূতি প্রকাশ করে লিখেছেন—“আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত না হলে আরও ৫–৬ সেকেন্ডে কী হতো!… সেই দিন আসন্ন—অবশ্যই আসবে। ঠিক এমনই কোনো এক জুমাবারে।”
মেহজাবীনের প্রার্থনা
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী পোস্টে লিখেছেন—
“ভূমিকম্প! আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন।”
ফারুক আহমেদের দোলাখাওয়া অভিজ্ঞতা
জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ জানান—
“আমি থাকি ১৪ তলার ৫ম তলায়… হঠাৎ তীব্র ঝাঁকুনি! বিল্ডিং কাঁপছে, পাশের বিল্ডিং দোলনার মতো দুলছে। মানুষজন চিৎকার করছে। মনে হচ্ছিল পুরো ভবন ভেঙে পড়বে। জীবনে এত তীব্র কম্পন অনুভব করিনি।”
জামিল হোসেনের আকুতি
অভিনেতা জামিল হোসেন শুধু লিখেছেন—
“এত বড় ভূমিকম্প। আল্লাহ মাফ করো।”
সাদিয়া আয়মানের শঙ্কা
অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন—
“আমি আগে কখনো এমন ভূমিকম্প অনুভব করিনি, এটি সত্যিই আমাকে নাড়িয়ে দিয়েছে। মহান আল্লাহ সবাইকে রক্ষা করুন।”
এদিকে তারকাদের পোস্টে মন্তব্য করে ভক্তরা জানাচ্ছেন তাদের নিরাপদে থাকার কথা এবং প্রিয় শিল্পীদেরও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন।

বাংলাদেশ খবর ডেস্ক 










