দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা আর লুকোচুরি নয়—অবশেষে প্রকাশ্যে জানালেন তাদের বিয়ের খবর। আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুর-এর একটি হেরিটেজ প্যালেসে বসবে তাদের বিয়ের আসর।
ভক্তদের দেওয়া নামেই বিয়ের শিরোনাম
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে এক আবেগঘন বার্তায় এই তারকা জুটি নিজেদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয়—ভক্তদের দেওয়া নাম ‘ভিরোশ (Virosh)’কেই তারা বিয়ের নাম হিসেবে বেছে নিয়েছেন।
তাদের শেয়ার করা স্ট্যাটাসে লেখা ছিল—“আমাদের প্রিয় ভালোবাসার মানুষেরা। আমরা নিজেরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের একটি নাম দিয়েছিলে—ভিরোশ (Virosh)। তাই আজ ভরা হৃদয়ে তোমাদের সম্মানেই আমরা আমাদের এই একসঙ্গে পথচলাকে নাম দিচ্ছি—The Wedding of VIROSH। আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।”
গোপন বাগদান থেকে প্রকাশ্য ঘোষণা
গত বছরের ৩ অক্টোবর হায়দরাবাদ-এ অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আংটি বদল করেছিলেন এই প্রেমিক যুগল। এরপর থেকেই তাদের আঙুলে বাগদানের আংটি দেখা যাচ্ছিল। যদিও বিয়ের গুঞ্জন নিয়ে তারা এতদিন মুখ খোলেননি, তবে এবার আনুষ্ঠানিক ঘোষণায় সব জল্পনার অবসান ঘটালেন।
উদয়পুরে রাজকীয় আয়োজন, হায়দরাবাদে জমকালো রিসেপশন
আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে উদয়পুর-এর একটি ঐতিহ্যবাহী প্রাসাদে সাত পাকে বাঁধা পড়বেন বিজয়-রাশমিকা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তারা ফিরে যাবেন হায়দরাবাদ-এ, যেখানে ইন্ডাস্ট্রির সহকর্মী ও বন্ধুদের জন্য আয়োজন করা হবে একটি জমকালো রিসেপশন পার্টি।
বিমানবন্দরে ইঙ্গিতপূর্ণ হাসি
কয়েক দিন আগে বিমানবন্দরে পাপারাজ্জিদের মুখোমুখি হন রাশমিকা মান্দানা। তখন ২৬ ফেব্রুয়ারির বিয়ের জন্য তাকে অভিনন্দন জানানো হলে তিনি অস্বীকার না করে লাজুক হেসে মাথা নেড়েছিলেন। এর আগে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, “এই গুঞ্জন তো গত চার বছর ধরেই চলছে। মানুষ একই জিনিসের জন্য অপেক্ষা করছে।” অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

বিনোদন ডেস্ক 











