বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুই দফায় প্রার্থী ঘোষণা করলেও শুরুতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুটি আসন—ব্রাহ্মণবাড়িয়া–২ ও ব্রাহ্মণবাড়িয়া–৬—ফাঁকা রাখে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ২৩ ডিসেম্বর আসন সমঝোতার মাধ্যমে জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মনোনয়ন দেয় বিএনপি।
ফলে আলোচিত এই আসনে দীর্ঘদিন ধরে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হন।
তবে মনোনয়ন না পেলেও নির্বাচনের মাঠ ছাড়ছেন না তিনি। এক বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা নিশ্চিত করেছেন, তিনি ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তিনি বলেন, “দল থেকে মনোনয়ন না পেলেও আমি ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।”
জোটকে ছেড়ে দেওয়া আসনে নির্বাচন করলে দলীয় কোনো কঠোর সিদ্ধান্তের মুখে পড়তে হতে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন,
“আশা করা যায় সেটা আমার সঙ্গে হবে না। মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করবো।” তিনি আরও জানান, দু’এক দিনের মধ্যেই মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে কোন প্রতীক বরাদ্দ পাবেন—সে বিষয়টি পরে জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় এলাকার ভোটারদের প্রতি আস্থার কথাও তুলে ধরে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “আরেকটা কথা না বললেই নয়—আশা করি এই এলাকার মানুষের ভালোবাসা এখনো আমার সঙ্গে আছে। তারা এর জবাব ভোটের মাধ্যমেই দেবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যারিস্টার রুমিন ফারহানার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করলো।

অনলাইন ডেস্ক 






