ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই বেশ সক্রিয়। মাঝেমধ্যেই নতুন নতুন লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দেন এই ঢালিউড কুইন। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে একটি ব্রাইডাল ফটোশুটের একাধিক ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।
শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, গোল্ডেন-অব-হোয়াইট রঙের একটি লেহেঙ্গায় রাজকীয় সাজে ধরা দিয়েছেন অপু বিশ্বাস। সঙ্গে ভারি নেকলেস, ঝুমকা ইয়ারিং, মাথায় টিকলি—সব মিলিয়ে ছিল এক ঐতিহ্যবাহী ও আভিজাত্যপূর্ণ লুক। হাতে পুরোনো দিনের একটি ক্যামেরা নিয়ে পোজ দিতেও দেখা যায় তাকে। স্নিগ্ধ মেকআপ আর মিষ্টি হাসিতে যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে নায়িকার রূপ।
ছবি প্রকাশের পরপরই অপুর পোস্টে লাইক ও কমেন্টের ঝড় ওঠে। ভক্তরা তার নতুন এই লুকের ভূয়সী প্রশংসা করছেন। একজন ভক্ত মন্তব্য করেন, ‘ওয়াও! এই পোশাকে অপু বিশ্বাসকে একদম রানীর মতো লাগছে, বিউটিফুল!’ আরেকজন লেখেন, ‘আপনি আগেও যেমন সুন্দর ছিলেন, এখনও ঠিক তেমনই আছেন।’ দীর্ঘ ক্যারিয়ার পাড়ি দিলেও ফ্যাশন ও ট্রেন্ডে যে অপু বিশ্বাস এখনো সমানভাবে অনন্য, এই ফটোশুট তারই প্রমাণ বলে মনে করছেন ভক্তরা।
এদিকে, প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এর মাধ্যমে তার এই প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই দর্শকমহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। পোস্টারে অপু বিশ্বাসকে একেবারে ভিন্ন ও রোমহর্ষক গেটআপে দেখা গেছে, যা দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

বিনোদন ডেস্ক 











