পেশাগত কাজে ঢাকায় আগত এবং হামলা বা মামলার শিকার মফস্বল সাংবাদিকদের জন্য আবারও চালু হচ্ছে ‘জার্নালিস্ট সেল্টার হোম’। রাজধানীর নয়াপল্টনে এই সেবাটি আগামী ১ নভেম্বর থেকে পুনরায় চালু করা হবে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনায় পরিচালিত এই সেল্টার হোমে সাংবাদিকরা স্বল্প খরচে থাকা-খাওয়া, ওয়াইফাই ও কম্পিউটার সুবিধা পাবেন। এখানে প্রতিদিন তিন বেলা খাবারসহ ৫০০ টাকায় থাকা যাবে।
সংগঠনটির চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, “ঢাকার বাইরের সাংবাদিকদের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি যাতে তারা নিরাপদে ও স্বল্প খরচে রাজধানীতে কাজ করতে পারেন। নানা কারণে এটি বন্ধ হয়েছিল, তবে এবার আরও উন্নত ব্যবস্থাপনায় পুনরায় চালু হচ্ছে।”
জানা গেছে, সেল্টার হোমটি রাজধানীর নয়াপল্টন হাউজিংয়ের ১০/কে ভবনের ৬ষ্ঠ তলায় অবস্থিত। এটি হবে একটি মনোরম ও নিরাপদ পরিবেশে পরিচালিত আবাসন ব্যবস্থা, যা সাংবাদিকদের পেশাগত সহায়তায় বিশেষ ভূমিকা রাখবে।
সেল্টার হোমের উপ-তত্ত্বাবধায়ক এস এস রুশদি জানান, “২৪ ঘণ্টা সেবাটি চালু থাকবে। সাংবাদিকদের কল্যাণে আমরা বদ্ধপরিকর।”
উল্লেখ্য, এর আগে ২০২২ সালে রাজধানীর মাতুয়াইল মেডিকেল সংলগ্ন আমান সিটির একটি ভবনে প্রথমবার এই সেল্টার হোম চালু করা হয়। তখন প্রতিদিন মাত্র ৩০০ টাকায় থাকা ও তিন বেলা খাবারের ব্যবস্থা ছিল। প্রায় দুই বছর চালু থাকার পর এটি বন্ধ হয়ে যায়। এবার নতুন স্থানে আরও আধুনিক সুবিধা নিয়ে ফের শুরু হচ্ছে সাংবাদিকদের সেল্টার হোম।

বাংলাদেশ খবর ডেস্ক 





