আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জের তিনটি আসনে বরাবরই নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়ে আসছেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী দল হিসেবে অভিহিত আওয়ামী লীগের অংশগ্রহণ এখনো অনিশ্চিত বলে জানা গেছে।
এ অবস্থায়, গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।
ঘোষিত প্রার্থীরা হলেন—গোপালগঞ্জ-১ আসন: দলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। গোপালগঞ্জ-২ আসন: ড্যাব নেতা কেএম বাবর আলী। গোপালগঞ্জ-৩ আসন: স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
এদিন মোট ২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন, এমন তথ্য জানা গেছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, হাফিজ উদ্দিন এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া দলটির বিভিন্ন সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ খবর ডেস্ক 






