গুগল তাদের জনপ্রিয় নিরাপত্তা ফিচার ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ বন্ধ করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই ফিচারটি আর ব্যবহার করা যাবে না। এর এক মাস আগেই, অর্থাৎ ১৬ জানুয়ারি থেকে ডার্ক ওয়েব স্ক্যানিং কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
প্রায় দেড় বছর আগে চালু হওয়া এই সুবিধার মূল উদ্দেশ্য ছিল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য—যেমন ইমেইল ঠিকানা, ফোন নম্বর, নাম কিংবা সোশ্যাল সিকিউরিটি নম্বর—ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে কি না, তা নজরদারি করা। কোনো ডেটা লিক বা হ্যাকের ঘটনায় এসব তথ্য পাওয়া গেলে ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠানো হতো।
শুরুর দিকে অনেক ব্যবহারকারী ফিচারটিকে উপকারী হিসেবে দেখলেও সময়ের সঙ্গে সঙ্গে অসন্তোষ বাড়তে থাকে। গুগলের সাপোর্ট পেজে জানানো হয়েছে, ব্যবহারকারীদের প্রতিক্রিয়ায় দেখা গেছে—এই টুলটি ঝুঁকি শনাক্ত করলেও পরবর্তী করণীয় সম্পর্কে পরিষ্কার নির্দেশনা দিত না।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটেও একই অভিযোগ উঠে আসে। ব্যবহারকারীরা জানান, রিপোর্ট পাওয়ার পর বেশির ভাগ ক্ষেত্রেই শুধু পাসওয়ার্ড পরিবর্তন ছাড়া কার্যকর কোনো সমাধান পাওয়া যেত না।
এই বাস্তবতায় ফিচারটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এখন এমন নিরাপত্তা টুলের ওপর জোর দেবে, যা ব্যবহারকারীদের বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করবে।
এক বিবৃতিতে গুগল জানায়, অনলাইন ঝুঁকি থেকে ব্যবহারকারীদের সুরক্ষায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। ডার্ক ওয়েবসহ বিভিন্ন অনলাইন হুমকি নজরদারিতে রাখা হবে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষায় নতুন ও উন্নত নিরাপত্তা টুল তৈরি করা হবে।
ডার্ক ওয়েব রিপোর্টের বিকল্প হিসেবে গুগল ব্যবহারকারীদের কয়েকটি ফিচার ব্যবহারের পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে— সিকিউরিটি চেকআপ: গুগল অ্যাকাউন্টের সামগ্রিক নিরাপত্তা যাচাই। পাসওয়ার্ড ম্যানেজার: শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড তৈরি। পাসওয়ার্ড চেকআপ: সংরক্ষিত পাসওয়ার্ড ফাঁস হলে সতর্কবার্তা।
গুগল জানিয়েছে, ডার্ক ওয়েব রিপোর্ট ব্যবহারকারীদের ইমেইলের মাধ্যমে আগেই এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটু ফাইভ গুগল প্রথম এ তথ্য প্রকাশ করে।
উল্লেখ্য, ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারির পর গুগলের সার্ভার থেকে ডার্ক ওয়েব রিপোর্ট সংক্রান্ত সব তথ্য সম্পূর্ণভাবে মুছে ফেলা হবে।
যেসব ব্যবহারকারী আগেই নিজেদের তথ্য মুছে ফেলতে চান, তারা ‘Results with your info’ → ‘Edit Monitoring Profile’ → ‘Delete Monitoring Profile’ অপশনে গিয়ে তা করতে পারবেন।

অনলাইন ডেস্ক 






