প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন একটি ‘অনলাইন ইন্ডিকেটর’ ফিচার নিয়ে কাজ করছে। এই ফিচারের মাধ্যমে কোনো গ্রুপ চ্যাটে বর্তমানে কতজন সদস্য অনলাইনে আছেন, তা সহজেই দেখা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট WABetaInfo-এর তথ্য অনুযায়ী, নতুন ফিচারটি চালু হলে গ্রুপ চ্যাটের উপরের অংশে সদস্যদের নামের নিচেই অনলাইনে থাকা সদস্যদের সংখ্যা প্রদর্শিত হবে। তবে কারা অনলাইনে আছেন, তাদের নাম আলাদাভাবে দেখানো হবে না; শুধুমাত্র মোট অনলাইন সদস্যের সংখ্যা দেখা যাবে।
এই ফিচারটি বিশেষ করে বড় গ্রুপের জন্য বেশ কার্যকর হবে। এতে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন, আলোচনায় অংশ নেওয়ার জন্য বর্তমানে কতজন সদস্য সক্রিয় রয়েছেন।
তবে যেসব ব্যবহারকারী ‘Last Seen and Online’ প্রাইভেসি সেটিংসে নিজের অনলাইন স্ট্যাটাস অন্যদের থেকে লুকিয়ে রাখবেন, তারা এই অনলাইন গণনায় অন্তর্ভুক্ত হবেন না। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তাও বজায় থাকবে।
বর্তমানে নতুন ‘অনলাইন ইন্ডিকেটর’ ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সীমিত সংখ্যক বেটা ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারছেন। সবকিছু ঠিক থাকলে ভবিষ্যতের একটি আপডেটের মাধ্যমে বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে।
বিশ্লেষকদের মতে, নতুন এই সুবিধা গ্রুপ চ্যাটকে আরও প্রাণবন্ত করবে এবং ব্যবহারকারীদের মধ্যে তাৎক্ষণিক যোগাযোগ আরও সহজ করে তুলবে।

প্রযুক্তি ডেস্ক 








