ঢাকার ধামরাই ও আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। সোমবার (১৭ আগস্ট) দুপুর থেকে রাত পর্যন্ত চারটি পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে ডিবি (উত্তর)–এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক দল অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় সোমবার দুপুর সাড়ে ১টার দিকে ধামরাই থানার ভালুম মধ্যপাড়া এলাকায়। ডিবি (উত্তর)–এর এসআই শেখ মফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভালুম মধ্যপাড়ার মো. হানিফ (৪৫) এবং দেপাশাই (চড়পাড়া) এলাকার মো. দেলোয়ার হোসেন (৫৮)।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এরপর একই দিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে আশুলিয়া থানার কুমকুমারী এলাকায় অভিযান চালানো হয়। এসআই মো. আব্দুল মুত্তালিবের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আরফিন ফেরদৌস (৬০) ও শিবলু মিয়া (৪০) নামে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব ইয়াবার ওজন প্রায় ৫০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেপ্তার আরফিন ফেরদৌস ধামরাইয়ের হাজীপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়ার চাঁনগাঁও সুজাবাদ এলাকায় বসবাস করছিলেন। অপর আসামি শিবলু মিয়া রংপুরের মিঠাপুকুর থানার কুছা বালুয়া এলাকার বাসিন্দা এবং আশুলিয়ার কুমকুমারী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এদিকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার রুস্তমপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি। এসআই মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. রুবেল দেওয়ান (৪২) ও মো. শাহাদাৎ ওরফে সাজ্জাদ (৩৬) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ৬ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।
এর কিছুক্ষণ পর একই সময়ে আশুলিয়ার দোসাইদ মধ্যপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায় ডিবি। এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. আশিক শেখ (২২), মোহাম্মদ ছাবেদ হোসেন (২৩) ও মো. সাইফুল ইসলাম ওরফে সাকিব (২৫) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ৮ গ্রাম এবং আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চারটি পৃথক অভিযানে মোট ৭৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মোট বাজারমূল্য ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও মাদকসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে।
গ্রেপ্তার মো. হানিফের বিরুদ্ধে তিনটি মাদক মামলা ও দুটি অন্যান্য মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আরফিন ফেরদৌসের বিরুদ্ধে রয়েছে তিনটি মাদক মামলা।
এ ছাড়া মো. রুবেল দেওয়ানের বিরুদ্ধে চারটি মাদক মামলা এবং মো. শাহাদাৎ হোসেন ওরফে সাজ্জাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে গ্রেপ্তার ৯ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ খবর ডেস্ক 







