রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, হাদির মাথায় বিদ্ধ হওয়া গুলিটি মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। শুক্রবার ১২ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে হাদির শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।
ডা. সায়েদুর রহমান বলেন, “হাদি বর্তমানে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এই মুহূর্তে কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা সম্ভব নয়।” তিনি জানান, গুলিটি হাদির বাম কানের ঠিক ওপর দিয়ে মাথায় প্রবেশ করে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এই গতিপথে মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মানুষের শ্বাসপ্রশ্বাস, হৃদস্পন্দনসহ জীবনরক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে।
বিশেষ সহকারী বলেন, “রোগীকে আপাতত লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। তবে এখনই আশার কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।” তিনি আরও জানান, অস্ত্রোপচারের সময় হাদির নিজের শ্বাস নেওয়ার কিছু প্রচেষ্টা দেখা গিয়েছিল, যা চিকিৎসকদের জন্য সামান্য হলেও আশার ইঙ্গিত। তবে পথটি সহজ নয় বলেও সতর্ক করেন তিনি।
ডা. সায়েদুর রহমান বলেন, অস্ত্রোপচারের আগেই হাদি একবার শকে চলে গিয়েছিলেন। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। যদিও বর্তমানে সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, “এই মুহূর্তে আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই। আমরা সার্বক্ষণিক অবস্থা পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

অনলাইন ডেস্ক 





