ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক মাদকবিরোধী অভিযানে ২২১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে সাভারের রাজাশন পালোয়ানপাড়া ও ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সাভারের রাজাশন পালোয়ানপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা ডিবি উত্তর শাখার অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল। অভিযানে এসআই (নিঃ) মো. আঃ মুত্তালিবসহ ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে রাজাশন পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন—আকরাম হোসেন (২৮), হারুন অর রশিদ (৩৬), ইকবাল হোসেন (৩২), আলাউদ্দিন (৩৪) এবং ঐশী আক্তার (২০)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে আকরাম হোসেন, হারুন অর রশিদ, ইকবাল হোসেন, আলাউদ্দিন ও ঐশী আক্তারের কাছ থেকে মোট ১৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার ওজন প্রায় ১৭ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। একই অভিযানে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তার পাঁচজনের মধ্যে আকরাম হোসেন গাজীপুরের কাশিমপুর থানার বাড়েন্ডা এলাকার বাসিন্দা এবং বর্তমানে সাভারের রাজাশন পালোয়ানপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে। হারুন অর রশিদ জামালপুরের ইসলামপুর এলাকার বাসিন্দা এবং রাজাশন এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। ইকবাল হোসেন কুমিল্লার হোমনা এলাকার বাসিন্দা ও রাজাশন আমতলা এলাকায় বসবাস করতেন। আলাউদ্দিন দিনাজপুরের নবাবগঞ্জ এলাকার বাসিন্দা এবং তিনিও রাজাশন আমতলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ঐশী আক্তার গাজীপুরের কাশিমপুর এলাকার বাসিন্দা এবং আকরাম হোসেনের স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।
এদিকে একই রাতে ঢাকা জেলা ডিবি উত্তর শাখার আরেকটি দল ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মো. শোয়ায়েব (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ফলে সাভার ও ধামরাইয়ে একই রাতে পরিচালিত পৃথক অভিযানে মোট ২২১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আকরাম হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। হারুন অর রশিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে। এছাড়া ইকবাল হোসেনের বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা জেলা ডিবি পুলিশ বলছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ খবর ডেস্ক 










