ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)-এর বিশেষ অভিযানে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি আরটিআর মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ৫ মার্চ রাতে পৃথক তিনটি অভিযানে এই চারজনকে গ্রেফতার করা হয়।
ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ সাভার থানাধীন বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে চঞ্চল মাহমুদ (৩২) ও মিজানুর রহমান বাঘা (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা) এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অপরদিকে, আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান চালিয়ে এসআই মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন (৩২)-কে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা।
এছাড়া সাভার থানার ১ নম্বর ওয়ার্ডের বক্তারপুর এলাকায় পৃথক অভিযানে এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নিয়ামত মোল্লা (৬৫)-কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে চঞ্চল মাহমুদের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ খবর ডেস্ক 






