সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার সপ্তমীর দিনে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেছেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন সরকার।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের পানপাড়া, মাঝিপাড়া ও ফুলবাড়িয়া বাজার এলাকার মন্দিরগুলো ঘুরে দেখেন তিনি। এসময় প্রতিটি পূজা মন্ডবে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
মন্দির কমিটির উদ্দেশ্যে জামাল উদ্দিন সরকার বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান আমাদের পাঠিয়েছেন আপনাদের খোঁজ নিতে। তার নির্দেশে আমরা আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি। আপনারা আনন্দের মধ্য দিয়ে দুর্গা উৎসব উদযাপন করুন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনারা কোনো সমস্যায় পড়লে আমাদের জানাবেন।”
তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আমান উল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার আমান ইবনে অমি প্রার্থী হবেন। এজন্য তিনি পূজা মন্ডবের উপস্থিতদের ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
এসময় নিজের ভাতিজা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনকে স্থানীয়দের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে জামাল উদ্দিন সরকার বলেন, “আমাকে তো আপনারা চেনেন, এখন আমার ছেলে শাওনকে আপনাদের খেদমতের জন্য রেখে গেলাম। দিন-রাত যেকোনো প্রয়োজনে তাকে ডাকবেন, সে আপনাদের পাশে থাকবে।”
পরে মন্দির কমিটির নেতৃবৃন্দ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনকে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় স্থানীয় বিএনপি, যুবদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 






