নির্বাচন সামনে রেখে ঢাকাজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে জোরদার তৎপরতা
ঢাকার সাভার উপজেলার চাপাইন এলাকায় ভোররাতে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গ্রেপ্তারদের মধ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম গালিব ইমতিয়াজ নাহিদ রয়েছেন।
সোমবার ৯ ফেব্রুয়ারী বিকালে ঢাকার বসিলা সেনা ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এ তথ্য জানান।
লেফটেন্যান্ট কর্নেল নাজিম বলেন, গ্রেপ্তারকৃতদের কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং ‘তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী’ হিসেবে আটক করা হয়েছে। “আমরা কোনো রাজনৈতিক দলের লোক হিসেবে কাউকে গ্রেপ্তার করিনি। গ্রেপ্তার করেছি সন্ত্রাসী হিসেবে। সন্ত্রাসীরা কখনো কোনো দলের হতে পারে না।”
অভিযানে গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন নাহিদের সহযোগী রবিউল ইসলাম বাবু ওরফে মেশিন বাবু এবং মাসুদ রানা আলভী ওরফে শুটার মাসুদ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে—৩টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি, ৬ রাউন্ড শর্টগানের কার্তুজ, ৮টি রামদা, ৫টি সামুরাই। অভিযানের সময় স্বপন শেখ নামে তাদের আরেক সহযোগী পালিয়ে যায়।
সেনা কর্মকর্তা জানান, গত ১৫ দিনে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে চারটি এবং পোস্তগোলার জুরাইন কবরস্থান এলাকা থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। ওই সব মামলার আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করেই সাভারের এই অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, নাহিদ ও পলাতক স্বপন বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
নির্বাচন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে লেফটেন্যান্ট কর্নেল নাজিম বলেন, গত তিন দিনে ঢাকার বিভিন্ন স্থান থেকে প্রায় ২১-২২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র ব্যবহার করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তী অভিযানের স্বার্থে আপাতত গোপন রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে এবং নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে রাজধানী ও আশপাশের এলাকায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ খবর ডেস্ক 
