ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) পৃথক পৃথক বিশেষ অভিযানে ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ১০ বোতল ফেন্সিডিল ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় ডিবি (উত্তর) নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফয়সাল আলম ও তার টিম ০১ এপ্রিল বিকাল ৩টায় সাভার মডেল থানাধীন তেঁতুলঝোড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পেশাদার মাদক ব্যবসায়ী লামিয়া সুলতানা নিলু ওরফে মীম (২৩) এবং তার স্বামী রমজান মল্লিক (৩৪)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
অপরদিকে, একই দিনে রাত ১০টা ৫০ মিনিটে সাভার থানার ছোট বলি মেহের এলাকায় আরেকটি পৃথক অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা ও তার টিম। এ অভিযানে মোঃ লিটন মিয়া (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত লিটন মিয়ার বিরুদ্ধে পূর্বে ৪টি মাদক মামলা রয়েছে, যা তার দীর্ঘদিনের অপরাধমূলক সম্পৃক্ততার প্রমাণ বহন করে।
গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ খবর ডেস্ক 





