সাভারে আবাসিক এলাকায় অনুমোদন ছাড়াই শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনার অভিযোগে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সাভার পৌরসভার গেন্ডা বালুর মাঠে অভিযান চালিয়ে প্রশাসন মেলার মূল ফটক ভেঙে কার্যক্রম বন্ধের প্রক্রিয়া শুরু করে।
অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভারের গেন্ডা এলাকার ইমু সাহেবের বালুর মাঠে মাসব্যাপী অর্গানিক খাদ্য, কৃষিপণ্য ও শিল্প–বাণিজ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। কিন্তু মেলার শর্ত ভঙ্গ করে সেখানে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ব্যবহার, জুয়া খেলা ও অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ পাওয়া গেলে গত ১০ নভেম্বর প্রশাসন মেলার অনুমতিপত্র বাতিল করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়।
তবে কয়েকদিন বন্ধ থাকার পর গত শুক্রবার বাবুল মিয়ার তত্ত্বাবধানে ‘লাল সবুজের অর্গানিক খাদ্য কৃষি শিল্প ও বাণিজ্য মেলা’ নামে নতুন নাম ব্যবহারের মাধ্যমে মেলাটি আবারও চালু করা হয়। বাবুল মিয়া স্থানীয় আওয়ামী লীগের সাভার পৌর কমিটির সহ-সভাপতি এবং ছাত্র-জনতা হত্যা মামলার আসামি বলে জানা গেছে।
এলাকার অভিভাবক, শিক্ষক ও সাধারণ বাসিন্দারা অভিযোগ করেন, বছরের শেষভাগে বিভিন্ন স্কুলে পরীক্ষা চলমান থাকায় মেলার উচ্চ শব্দ, ভিড়, যানজট ও অনিয়ন্ত্রিত পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, “আমি শুনেছি সেখানে অবৈধ মেলা চলছে। অবৈধ মেলা বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।”
এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও–র নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেলার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ক্ষুদ্র উদ্যোক্তাদের অনুরোধে পুরো মেলা ভেঙে না ফেলে শুধুমাত্র মূল ফটক ভেঙে দেওয়া হয়। পাশাপাশি দোকান মালিকদের বুধবার সকাল ১০টার মধ্যে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পুরো মেলা গুড়িয়ে দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

সাভার উপজেলা প্রতিনিধি 





