সাবেক স্ত্রীর অভিযোগের জবাবে আইনি নোটিস পাঠালেন কুমার শানু
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্য। অভিযোগে তিনি দাবি করেন, অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা হয়েছিল।
রীতার অভিযোগ, বিয়ের পর বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা, সাজসজ্জা করা কিংবা স্বাভাবিক জীবনযাপন করার স্বাধীনতা তার ছিল না। এমনকি রান্নাঘরে তালা দিয়ে রাখা হত, খাবারেরও ছিল কঠোর নিয়ন্ত্রণ। অন্তঃসত্ত্বা অবস্থায় শুধুমাত্র জা-ই তার পাশে ছিলেন।
তিনি আরও অভিযোগ করেন— বাচ্চার খাবার ও ওষুধ দেওয়া হত না। বেঁচে থাকার জন্য নিজের গয়না বিক্রি করতে হয়েছিল। ক্ষুধার্ত অবস্থায় বৌদির রান্নাঘরে গিয়ে নিজে রান্না করে খেতে হতো।
তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন কুমার শানু। নিজের আইনজীবী সানা রইস খান এর মাধ্যমে রীতার কাছে আইনি নোটিস পাঠিয়েছেন তিনি।
সানা রইস খান জানান, “গত ৪০ বছর ধরে সংগীতে নিমজ্জিত থেকে কোটি কোটি মানুষকে আনন্দ দিয়েছেন কুমার শানু। এই মিথ্যা অভিযোগ দিয়ে সাময়িক আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া গেলেও, তা কখনোই তার সুনাম ও ভাবমূর্তিকে কলঙ্কিত করতে পারবে না।”
আইনি নোটিসে স্পষ্টভাবে বলা হয়েছে—মানহানিকর অভিযোগের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। কুমার শানুর সম্মান, ভাবমূর্তি এবং পারিবারিক ঐতিহ্য রক্ষার জন্য আইনের আশ্রয় নেওয়া হবে।
সূত্র: আনন্দবাজার

অনলাইন ডেস্ক 










