ঢাকা জেলার সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। সোমবার (১১ মে) রাত থেকে মঙ্গলবার (১২ মে) ভোর পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ১১ মে রাত ৯টা ১০ মিনিটে সাভার মডেল থানাধীন সিএন্ডবি এলাকা থেকে এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মো. আবুল বাশার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আবুল বাশারের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া থানার করমজা এলাকায় হলেও তিনি সাভারের ডেইরি ফার্ম আউকপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
এরপর রাত ৯টা ৪৫ মিনিটে আশুলিয়া থানার ভাদাইল মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) মো. আঃ হাই ফকির ৩০০ পিস ইয়াবাসহ আশরাফুল ইসলাম (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেন। তার বাড়ি আশুলিয়ার ভাদাইল মধ্যপাড়া এলাকায়।
একই রাতে ১২টা ৩০ মিনিটে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পৃথক অভিযানে এসআই (নিঃ) শেখ মাসুদ আল মামুন ১০০ পিস ইয়াবাসহ মোসাঃ আঁখি বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার দত্ত্ববাড়ী এলাকার বাসিন্দা হলেও আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এদিকে মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিটে সাভার থানাধীন রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া ১০০ পিস ইয়াবাসহ মো. আজিজ (১৯) নামে এক যুবককে আটক করেন। তার বাড়ি কক্সবাজার জেলার রামু থানার রামু চা বাগান এলাকায়।
সবশেষে ভোর ৫টার দিকে সাভার মডেল থানার যাদুরচর এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন ৫০০ পিস ইয়াবাসহ আঃ শুক্কুর (৫৪) ও মোসাঃ হাসি আক্তার (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। আঃ শুক্কুরের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার জাদিমুরা এলাকায় এবং হাসি আক্তারের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চরচান্দুর পশ্চিমপাড়া এলাকায় বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার আবুল বাশারের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। এছাড়া আশরাফুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা এবং আঃ শুক্কুরের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদক নির্মূলে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ খবর ডেস্ক 