ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। চারটি যানবাহনের সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা, তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অপরজন মানিকগঞ্জের শিবালয় উপজেলার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা, তিনি চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। তারা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই।
পুলিশ জানায়, শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার, একটি কভারভ্যান এবং একটি মোটরসাইকেল পরিস্থিতি বুঝে ব্রেক করে থেমে যায়।
কিন্তু তাদের পেছন থেকে দ্রুতগতিতে আসা স্বাধীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ রাখতে না পেরে প্রথমে মোটরসাইকেলকে এবং পরে কভারভ্যান ও প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর দুই আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করা হলে সেই অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই পরিবারের দুই তরুণ শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ দুর্ঘটনা আবারও ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল এবং সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

বাংলাদেশ খবর ডেস্ক 






