আদালত কর্তৃক ফেরারি বা পলাতক আসামি হিসেবে ঘোষিত ব্যক্তিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একইভাবে লাভজনক সরকারি পদে থাকা ব্যক্তি, জনপ্রতিনিধি কিংবা ঋণখেলাপিরাও পদত্যাগ বা নির্ধারিত সময় অতিক্রম না করলে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন না—এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের (ইসি) জারি করা পরিপত্রে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো আদালত কর্তৃক ফেরারি বা পলাতক ঘোষিত ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
এছাড়া সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা দায়িত্বে থাকাকালীন প্রার্থী হতে পারবেন না। তবে নিজ পদ থেকে পদত্যাগ করলে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন।
প্রজাতন্ত্রের বা কোনো সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠানের লাভজনক পদে কর্মরত ব্যক্তিরাও পদত্যাগ না করলে প্রার্থী হওয়ার যোগ্য বিবেচিত হবেন না।
পরিপত্রে আরও বলা হয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হতে পারবেন। কেউ তিনটির বেশি আসনে মনোনয়নপত্র দাখিল করলে তার সব মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা তার প্রস্তাবক কিংবা সমর্থককে সশরীরে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন: ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি।
পরিপত্রে সংবিধানের ৬৬(১)(২) অনুচ্ছেদ ও আরপিওর ১২(১) ধারা উল্লেখ করে বলা হয়েছে— প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স হতে হবে ন্যূনতম ২৫ বছর।
নিম্নোক্ত ব্যক্তিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন—আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত ব্যক্তি, দেউলিয়া ঘোষিত হয়ে দায় থেকে অব্যাহতি না পাওয়া ব্যক্তি, বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ বা আনুগত্য স্বীকারকারী।
নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়ে অন্তত দুই বছর কারাদণ্ডপ্রাপ্ত এবং মুক্তির পর পাঁচ বছর না পেরোনো ব্যক্তি
১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশে দণ্ডিত ব্যক্তি। সরকারি কর্মকর্তা-কর্মচারী অবসর গ্রহণের পর তিন বছর না পেরোনো ব্যক্তি। দুর্নীতির দায়ে চাকরি থেকে বরখাস্ত, অপসারিত বা বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত হয়ে পাঁচ বছর না পেরোনো ব্যক্তি। ঋণখেলাপি এবং টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ সরকারি সেবার বিল খেলাপি ব্যক্তি।

অনলাইন ডেস্ক 





