বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
বুধবার (১৩ মে) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভা শেষে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, দেশের বিভিন্ন ইউনিটে কর্মরত বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। পেশাগত উন্নয়ন, সদস্যদের কল্যাণ, আধুনিক পুলিশিং ব্যবস্থা জোরদার এবং বাহিনীর সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নবনির্বাচিত সভাপতি মোসলেহ উদ্দিন আহমদ বর্তমানে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অপরাধ তদন্ত, প্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও জটিল মামলার রহস্য উদঘাটনে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।
অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামীমা পারভীন বর্তমানে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। মাঠ পর্যায়ে দক্ষ নেতৃত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে তার ভূমিকা ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সদস্যদের পেশাগত দক্ষতা ও কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।
এদিকে সভায় জানানো হয়, খুব শিগগিরই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। নতুন কমিটিতে দেশের বিভিন্ন ইউনিট ও পর্যায়ের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বার্ষিক সাধারণ সভায় পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের বিগত কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের বিভিন্ন পেশাগত বিষয় নিয়েও আলোচনা করা হয়।

বাংলাদেশ খবর ডেস্ক 