দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশ সুপার (এসপি) পরিচয়ে বিএনপি প্রার্থীসহ দলীয় দুই নেতার কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৬ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর পুলিশ লাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।
আটককৃতরা হলেন—নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রয়েরবাড়ী চরহোসেনপুর গ্রামের ইদ্রিস খন্দকারের ছেলে জুনাইদ খন্দকার (২৪) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর গ্রামের এরশাদ আলীর ছেলে মো. হিমেল (২২)। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মো. আখতারুজ্জামান মিয়া এবং জেলা বিএনপির সহ-সভাপতি ও শিল্পপতি আলহাজ হাফিজুর রহমান প্রতারণার শিকার হন। প্রতারক চক্র একই কৌশলে তাদের কাছ থেকে মোট দুই লাখ টাকা হাতিয়ে নেয়।
এ ঘটনায় আলহাজ মো. আখতারুজ্জামান মিয়ার পক্ষে আব্দুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। অপরদিকে আলহাজ হাফিজুর রহমান মৌখিকভাবে বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করলে তদন্ত শুরু করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি রাতে প্রতারক চক্র পুলিশ সুপার পরিচয়ে ফোন করে দুটি পুলিশ বক্স নির্মাণের কথা বলে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা দাবি করে। আইজিপির আসন্ন পরিদর্শনের অজুহাতে দ্রুত টাকা পাঠাতে বলা হয়। পরদিন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক লাখ টাকা পাঠানো হলে আবারও আরও এক লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় থানায় যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়।
মোবাইল ফোনের সূত্র ধরে রবিবার ভোরে গাজীপুর শহর ও সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতারককে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। বর্তমানে তারা দিনাজপুর জেলা পুলিশ হেফাজতে রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, পুলিশ সুপারের নাম ব্যবহার করে প্রতারণার ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো প্রতারক চক্র শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দিনাজপুর প্রতিনিধি 






