জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠিত রাজনৈতিক তৎপরতায় এগিয়ে রয়েছে। ২৪-এর গণ-অভ্যুত্থান পরবর্তীতে প্রতিষ্ঠিত দলটি ইতোমধ্যে ভোটের মাঠে সক্রিয় প্রচারে নেমেছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দলটি ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে।
এনসিপি জানায়, ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে, যা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি বিভিন্ন জেলা কার্যালয় থেকেও ফরম বিতরণ করা হচ্ছে। এছাড়া নির্ধারিত ওয়েবসাইট থেকেও অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়া যাচ্ছে।
দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেন—“আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে এনসিপির মনোনয়নপত্র বিক্রি ও জমা চলছে। প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিলসহকারে মনোনয়নপ্রত্যাশীরা কার্যালয়ে আসছেন।”
দলীয় সূত্রে জানা গেছে, শীর্ষ নেতাদের অনেকেই আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন। সম্ভাব্য প্রার্থীদের তালিকা—নাহিদ ইসলাম – ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা, রামপুরা), আখতার – রংপুর-৪, সারজিস আলম – পঞ্চগড়-১, আরিফুল ইসলাম আদীব – ঢাকা-১৪, মাহফুজ আলম – লক্ষ্মীপুর-১, আসিফ মাহমুদ – ঢাকা-১০, আকরাম হুসেইন – ঢাকা-১৩, সামান্তা শারমিন – ভোলা-১, সারোয়ার তুষার – নরসিংদী-২, আবদুল হান্নান মাসউদ – নোয়াখালী-৬, আব্দুল্লাহ আল আমিন – নারায়ণগঞ্জ-৪, জয়নাল আবেদীন শিশির – কুমিল্লা-১০, আতিক মুজাহিদ – কুড়িগ্রাম-২, সালেহ উদ্দিন সিফাত – ফেনী-২, মোল্লা ফারুক এহসান – চুয়াডাঙ্গা-২, মীর আরশাদুল হক – চট্টগ্রাম-১৬, মশিউর রহমান – ঝালকাঠি-১, নিজাম উদ্দিন – ঢাকা-৫, মাহিন সরকার – সিরাজগঞ্জ-৫, মনিরা শারমিন – নওগাঁ-৫, মুজাহিদুল ইসলাম শাহিন – পটুয়াখালী-২, আশরাফ উদ্দীন মাহাদী – ব্রাহ্মণবাড়িয়া-২, এসএম সাইফ মোস্তাফিজ – সিরাজগঞ্জ-২, মোল্যা রহমতুল্লাহ – বাগেরহাট-৩, এহসানুল মাহবুব জোবায়ের – ফেনী-১, আবু সাঈদ লিয়ন – নীলফামারী-৪, আরিফুর রহমান তুহিন – ঝালকাঠি-১, সাকিল আহমাদ – মেহেরপুর-২।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় নেতা জানান, দলের শীর্ষ নেতাদের বাইরে থেকেও সাবেক আমলা, অধ্যাপক, চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ মনোনয়ন ফরম কেনা শুরু করেছেন।
দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সেক্রেটারি করা হয়েছে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে। তার হাতেই গত বৃহস্পতিবার ফরম বিক্রির উদ্বোধন হয়।
প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা, তবে জুলাই যোদ্ধা ও স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য মূল্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন—“শীর্ষ নেতারা নির্বাচন করবেন। অনেকেই ইতোমধ্যে ফরম কিনেছেন। মোট কতজন কিনেছেন তা পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

অনলাইন ডেস্ক 





