সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি ঈদগাঁ ময়দানে অনুষ্ঠিত হলো জামালুল উলুম জমিলা খাতুন মাদরাসা ও এতিমখানার ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল। শুক্রবার ৫ ডিসেম্বর রাতে আয়োজিত এ ধর্মীয় মাহফিলে হাজারো মানুষের ঢল নামে। পবিত্র কোরআন-হাদিসের গভীর বয়ানে মুখরিত হয়ে ওঠে ঈদগাঁ ময়দান।
মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি, সাবেক সফল মন্ত্রী এবং ঢাকা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান। তার উপস্থিতিকে ঘিরে সাধারণ মুসল্লি থেকে শুরু করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, “ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ধরনের ওয়াজ মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই আমাদের মানবিক দায়িত্ব।” তিনি দেশের শান্তি, উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানান।
মাহফিলের সভাপতিত্ব করেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার। তিনি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানটির উন্নয়ন, এতিম শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সমাজে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলে একযোগে কাজ করার আহ্বান জানান।
ধর্মীয় আলোচনায় অংশ নেন দেশের খ্যাতিমান ওস্তাজ-এ-মুবারকগণ। তেলাওয়াত, হামদ-নাত ও মনোমুগ্ধকর ওয়াজে মুগ্ধ হন উপস্থিত মুসল্লিরা। মাহফিল শেষে মুসলিম উম্মাহ’র শান্তি সমৃদ্ধি ও দেশজাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণ জানান, গত ১৬ বছর ধরে নিয়মিত আয়োজিত এ মাহফিল এলাকার ধর্মীয়-সামাজিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

নিজস্ব প্রতিবেদক 





