ঢালিউড অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে ‘টাকা আত্মসাতের’ অভিযোগের দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’–এ অভিনয়ের জন্য তিনি সাড়ে চার লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। তবে কাজ শুরু হওয়ার আগেই তিশা সরে দাঁড়ালে শুরু হয় অভিযোগ–বিপরীত অভিযোগের পালা।
প্রথমে নিজেকে সিনেমার প্রযোজক পরিচয় দেওয়া শরীফ খান অভিযোগ করেন— কাজ না করেও তিশা অগ্রিম পারিশ্রমিক ফেরত দিচ্ছেন না। অন্যদিকে তিশার দাবি— শরীফ ওই সিনেমার প্রকৃত প্রযোজক নন।
রোববার (১৬ নভেম্বর) রাতে সামাজিকমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে সব অভিযোগ অস্বীকার করেন তানজিন তিশা। তার ভাষ্য— সিনেমার কারণে তিনি ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
পরিচালকের বক্তব্য: ‘তিশা ভুল বিবৃতি দিচ্ছেন’
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সিনেমার পরিচালক এমএন রাজ বলেন, “তিশাকে টাকা দেওয়া হয়েছে। সে কাজ করেনি, তাই টাকা ফেরত দিতেই হবে। কোনো চুক্তিপত্রে টাকা ফেরতের বিষয় উল্লেখ থাকে না—এটাই নিয়ম।” তিনি জানান— তিশার জন্য তারা এক মাস অপেক্ষা করেছেন, এমনকি সিনেমার অপর তারকা বলিউড অভিনেতা শারমান যোশির শিডিউলও বদলাতে হয়েছে।
অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা না দেওয়ার অভিযোগ
পরিচালকের দাবি— ৪ সেপ্টেম্বর সকাল ৯টায় তিশার অ্যাম্বাসিতে যাওয়ার কথা থাকলেও তিনি যান এক ঘণ্টা দেরিতে। পরে জানান, ভিসা নিশ্চিত হলে বিকালে পাসপোর্ট জমা দেবেন। “এটা সম্ভব নয় বলতেই তিনি অভদ্র ভঙ্গিতে বললেন— I don’t care about it— তারপর ১৫-২০ মিনিটের মধ্যেই চলে গেলেন,” বলেন এমএন রাজ।
তিনি আরও জানান—“তিশার শিডিউলের অপেক্ষায় আমরা ১৭-১৮-১৯ সেপ্টেম্বর নায়িকা ছাড়াই শুট করেছি। দুর্গাপূজা পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু বাধ্য হয়ে নতুন নায়িকা নিতে হয়েছে।”
তিশার পাল্টা দাবি: ‘আমাকেই অপেক্ষায় রাখা হয়েছিল’
অন্যদিকে তানজিন তিশার বক্তব্য— সিনেমার কাজ সেপ্টেম্বরেই শুরু হওয়ার কথা থাকলেও নির্মাতা প্রস্তুত ছিলেন না। উল্টো তাকে অপেক্ষায় রাখা হয় দীর্ঘ সময়। এ কারণেই কাজ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি।
পরিচালকের জবাব
এমএন রাজ বলেন—“তিশার কথা ভুল। জুলাইয়ে আলোচনা হয়, আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই শুটিং শুরু হওয়ার কথা ছিল। ভিসা স্লটের সমস্যা ছিল ঠিকই, তবে তিনি নিজে কোনো চেষ্টা করেননি।”
পরিচালকের তথ্য অনুযায়ী, সিনেমার ৭৫% শুটিং শেষ হয়েছে। আগামী জানুয়ারিতে দ্বিতীয় লট শুরু হবে এবং ভালোবাসা দিবসে মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিনোদন ডেস্ক 











