ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ গানের শুটিং এক টেকেই সম্পন্ন করে রেকর্ড গড়েছেন। নারীপ্রধান সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমা ‘পিনিক’-এর রোমান্টিক গান ‘আধাচাঁদ’-এর মাধ্যমে শেষ হয়েছে ছবিটির দৃশ্যধারণের কাজ।
গানটিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আদর আজাদ। পরিচালক জাহিদ জুয়েল-এর বিশেষ পরিকল্পনায় টানা চার ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে এক টেকেই গানটির শুটিং সম্পন্ন করা হয়।
এ বিষয়ে পরিচালক জাহিদ জুয়েল বলেন, “গানটি শোনার পরই আমার মনে হয়েছে, এটাকে ভিন্নভাবে উপস্থাপন করা দরকার। সেখান থেকেই এক টেকে শুটিংয়ের সাহসী পরিকল্পনা।” সিনেমার নির্বাহী প্রযোজক শিমুল খান জানান, “দেশি সিনেমার ইতিহাসে এক টেকেই পূর্ণাঙ্গ গানের শুটিং এটিই প্রথম। চিত্রগ্রাহক ইবাদ আলিম ও স্টেডিক্যাম অপারেটর কাউসারের দক্ষতায় কাজটি নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে।”
গানটির কোরিওগ্রাফি করেছেন মোফাসসেল আলিফ। শুটিংয়ের আগে দিনভর মহড়ায় অংশ নেন শবনম বুবলী ও আদর আজাদ।
প্রথমবারের মতো এমন অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী শবনম বুবলী বলেন, “এক টেকে গানটি শুট করা আমাদের পুরো টিমের জন্যই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সবাইকে আন্তরিক ধন্যবাদ।”
অভিনেতা আদর আজাদও জানান, “সবাই যদি একসঙ্গে আন্তরিকভাবে কাজ না করত, তাহলে এতটা চ্যালেঞ্জিং কাজ সম্ভব হতো না।” নারীকেন্দ্রিক গল্পের সিনেমা ‘পিনিক’ প্রযোজনা করেছে ইউরো-বাংলা এন্টারটেইনমেন্ট। ছবিটির গান লিখেছেন জাহিদ আকবর, কণ্ঠ দিয়েছেন জিয়া রাজ এবং সংগীত পরিচালনা করেছেন শান্ত শান।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যে আগামী রোববার (১১ জানুয়ারি) ছবিটি বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে।
এদিকে ‘পিনিক’ ছাড়াও আরও একটি নারীকেন্দ্রিক সিনেমায় কাজ করছেন শবনম বুবলী। নির্মাতা রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’-এর শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। এতে বুবলীকে ভিন্ন লুকে দেখা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নতুন সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, “গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। এখানে নতুন কিছু করার সুযোগ আছে—এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।”

বিনোদন ডেস্ক 











