ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) চোরাই মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনকারী একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে IMEI নম্বর পরিবর্তনের বিশেষ সফটওয়্যার, একটি ল্যাপটপ, IMEI পরিবর্তিত ৯টি চোরাই মোবাইল ফোন, মোবাইলের লক খোলার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় ডিবি (উত্তর)-এর একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলামসহ অন্যান্য সংগীয় অফিসার ও ফোর্স।
ডিবি সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন সাভার সিমলিম টাওয়ার মার্কেটের ভেতরে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—
জালাল (৪০), পিতা—মৃত বাবর আলী, সাং—উত্তর চাপাইন লালটেক, পোস্ট—সিআরপি, থানা—সাভার, জেলা—ঢাকা।
মোঃ ইকরামুল হোসেন (২৫), পিতা—আব্দুল কুদ্দুস, সাং—সুলতানপুর, থানা—দামুড়হুদা, জেলা—চুয়াডাঙ্গা; বর্তমান ঠিকানা—শাহীবাগ (মুন্সিভবন), থানা—সাভার, জেলা—ঢাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে ডিবি সূত্রে জানানো হয়। ধৃত মোঃ ইকরামুল হোসেন চোরাই মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনকারী চক্রের মূল হোতা বলে জানিয়েছে পুলিশ। এই চক্রে ১০ থেকে ১২ জন সক্রিয় সদস্য রয়েছে।
চক্রটির সদস্যরা ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় রাস্তায় চুরি, ছিনতাই ও লুণ্ঠনের মাধ্যমে সাধারণ মানুষের মোবাইল ফোন সংগ্রহ করত। পরে এসব চোরাই মোবাইল ফোন জালালের কাছে হস্তান্তর করা হতো। জালাল বিশেষ সফটওয়্যার ও যন্ত্রপাতির মাধ্যমে মোবাইলগুলোর IMEI নম্বর পরিবর্তন করে সাভারসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় গোপনে বিক্রি করত।
আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে তারা এই অপরাধ কার্যক্রম চালিয়ে আসছিল বলে ডিবি সূত্রে জানানো হয়। উদ্ধারকৃত আলামতগুলো এই চক্রের সুসংগঠিত অপরাধ কার্যক্রমের সুস্পষ্ট প্রমাণ বহন করে।
ডিবি (উত্তর) জানিয়েছে, চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা জেলা পুলিশ এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশ খবর ডেস্ক 
