ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা, ৪ গ্রাম হেরোইন এবং ১৪ লিটার চোলাই মদ উদ্ধারসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একাধিক টিম পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে।
গত ১৬ এপ্রিল বিকেল ৩টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন কুটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ বিল্লাল হোসেন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
একই দিনে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সাভারের বক্তারপুর বেঁদেপল্লীতে অভিযান পরিচালনা করে মোঃ রাখাল মাল (৩০) ও মোঃ আজিত ওরফে কাচু (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা (মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা) এবং ৯০ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য প্রায় ২৭ হাজার টাকা) উদ্ধার করা হয়।
অপরদিকে রাত ৮টা ৫ মিনিটে ধামরাই থানার কাওয়াখোলা এলাকায় অভিযান চালিয়ে মোঃ সামু ওরফে দয়াল ভান্ডারী (৫২) কে ৪ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
এছাড়া একই রাত ১১টা ২৫ মিনিটে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী মোঃ এনামুল হকের ফেলে যাওয়া ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রাখাল মাল-এর বিরুদ্ধে একটি, আজিত ওরফে কাচুর বিরুদ্ধে দুটি এবং সামু ওরফে দয়াল ভান্ডারীর বিরুদ্ধে একটি হত্যাসহ মোট তিনটি মামলা রয়েছে। পলাতক আসামী এনামুল হকের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ খবর ডেস্ক 





