ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে পৃথক তিনটি অভিযানে মোট ২০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬১ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ মে রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানাধীন ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) আরিফুল ইসলাম। এসময় সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. ইয়ামিন ইসলাম রাজ (২৩) এবং মো. আদর মৃধা ওরফে মতিউর (৩০)।
তাদের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ হাজার ৮০০ টাকা। তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করত।
অপরদিকে, একইদিন রাত সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানাধীন রেডিও কলোনি এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন। এ অভিযানে জুলহাস (৩৮) ও রাকিব (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকাভিত্তিক মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।
এরপর ১৪ মে রাত ১২টা ৫০ মিনিটে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া। অভিযানে মর্তুজা আহম্মেদ রায়হান (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে ইয়ামিন ইসলাম রাজের বিরুদ্ধে পূর্বে দুটি এবং জুলহাসের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এ তথ্য থেকে ধারণা করা হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ খবর ডেস্ক 