ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার দর্শকের সামনে হাজির হচ্ছেন একেবারে নতুন রূপে। প্রথমবারের মতো তিনি অভিনয় করতে যাচ্ছেন ‘ঠাকুমা’ চরিত্রে। তবে এটি কোনো রূপকথা কিংবা কার্টুনভিত্তিক গল্প নয়; বরং ভিন্ন আঙ্গিকের একটি বাস্তবধর্মী ওয়েব সিরিজ। সিরিজটির নাম ‘ঠাকুমার ঝুলি’, যা মুক্তি পাবে জনপ্রিয় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ।
সম্প্রতি হইচই নতুন বছরের আসন্ন ওয়েব সিরিজগুলোর তালিকা প্রকাশ করেছে, যেখানে উল্লেখযোগ্য সংযোজন হিসেবে রয়েছে ‘ঠাকুমার ঝুলি’। এই সিরিজের গল্প আবর্তিত হবে এক ঠাকুমা ও তার নাতনির বিশেষ সম্পর্ককে কেন্দ্র করে। নাতনির চরিত্রে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মন্ডল, যিনি ধারাবাহিক ‘ফুলকি’-এর মাধ্যমে দর্শকমহলে পরিচিত মুখ।
এর আগে শ্রাবন্তী চ্যাটার্জিকে দর্শক মা কিংবা স্ত্রীর চরিত্রে দেখলেও, এই প্রথমবার তিনি ঠাকুমার ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। প্রিয় অভিনেত্রীর এই ভোলবদল ও বয়স্ক লুক ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। জানা গেছে, চলতি মাসেই শুরু হতে যাচ্ছে সিরিজটির শুটিং।
ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা থাকলেও বর্তমানে শ্রাবন্তী পুরোপুরি মনোযোগী নিজের অভিনয় ক্যারিয়ারে। সম্প্রতি পরিবার ও বন্ধুদের সঙ্গে গোয়া ভ্রমণ শেষে তিনি কলকাতায় ফিরেছেন। মাঝেমধ্যে তাকে নিয়ে নানা চর্চা হলেও সেসব থেকে নিজেকে দূরে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন অভিনেত্রী।
উল্লেখ্য, গত বছর তার অভিনীত ছবি ‘দেবী চৌধুরানি’ দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছিল। অন্যদিকে, শ্রাবন্তীর মতো সিনিয়র অভিনেত্রীর সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দিব্যাণী মন্ডল। নতুন এই জুটি ও ভিন্নধর্মী গল্প নিয়ে ‘ঠাকুমার ঝুলি’ ইতোমধ্যেই দর্শকদের প্রত্যাশার তালিকায় জায়গা করে নিয়েছে।

বিনোদন ডেস্ক 





