প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে যোগদান শেষে নয় দিনের নিউইয়র্ক সফর শেষ করে আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন।
এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীরা সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হন। বিদায় জানাতে সেখানে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক এমদাদ আরিফুল ইসলাম।
সফরকালে ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন ড. ইউনূস। ৩০ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সদর দপ্তরে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন।
এছাড়া, ২৯ সেপ্টেম্বর তাঁর বৈঠক হয় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে। একই দিনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং অনুন্নত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র বিষয়ক উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমার সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।
নিউইয়র্ক অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন অধ্যাপক ইউনূস। এসময় তিনি ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি নেদারল্যান্ডস, পাকিস্তান, ভুটান ও কসোভোসহ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

অনলাইন ডেস্ক 







