তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জনতার ঢল নেমেছে। জানাজা শুরু হতে এখনো সময় বাকি থাকলেও সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
বুধবার দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে কুয়াশাচ্ছন্ন তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথ দিয়ে সারি সারি যানবাহন ঢাকায় প্রবেশ করতে দেখা গেছে। দূর-দূরান্ত থেকে আগত মানুষজন গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই জানাজাস্থলের দিকে রওনা হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকা ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। যতই সময় গড়াচ্ছে, ততই বাড়ছে মানুষের উপস্থিতি। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা মানুষের চোখেমুখে স্পষ্ট একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর গভীর বেদনা।
কড়া নিরাপত্তা ব্যবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী
জানাজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি এপিবিএন, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, এভারকেয়ার হাসপাতাল থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মরদেহবাহী গাড়িকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত থেকেই মানিক মিয়া এভিনিউ, জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
ডিএমপি আরও জানায়, জানাজা থেকে শুরু করে দাফন কার্যক্রম পর্যন্ত পুরো রাজধানীজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হবে। যাতে বাংলাদেশের একজন জাতীয় নেতাকে সর্বস্তরের জনগণ নির্বিঘ্নে সম্মান জানাতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। এছাড়া মানিক মিয়া এভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও জনসাধারণের অবস্থানের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক 





