কলকাতার ছোটপর্দার জনপ্রিয় মুখ জ্যোতির্ময়ী কুণ্ডু এবার বড়পর্দায় নিজের জায়গা পাকাপোক্ত করার পথে এগিয়ে চলেছেন। দেব অভিনীত ‘প্রজাপ্রতি ২’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। গত বছরের বড়দিনে পশ্চিমবঙ্গে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা তাকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরে।
এরপরই তিনি প্রথমবারের মতো ঢালিউডে কাজ শুরু করেন। শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করে বাংলাদেশের দর্শকদের নজর কাড়েন জ্যোতির্ময়ী। ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ‘প্রিন্স’ সিনেমা ও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে জ্যোতির্ময়ী জানান, বর্তমানে তিনি সিঙ্গেল হলেও একসময় প্রেমে জড়িয়েছিলেন। তবে সেই সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি।
তার ভাষায়, “আমাদের ভালোবাসাটা একই রকম ছিল। কিন্তু একটা চাবি দিয়ে কি সব তালা খোলা যায়?”
তিনি আরও বলেন, সম্পর্ক ভাঙার পেছনে নির্দিষ্ট কোনো দোষারোপ নেই। দু’জনের মধ্যেই কিছু সমস্যার কারণে দূরত্ব তৈরি হয়েছিল। “আমি কাউকে খারাপ বলছি না। ও ওর মতো, আমি আমার মতো। একটা সময় মনে হচ্ছিল, সব ঠিকমতো হচ্ছে না।”
ঝগড়া বা বিরোধ না বাড়িয়ে পারস্পরিক সম্মতিতেই তারা আলাদা হয়ে যান বলে জানান অভিনেত্রী। তার মতে, একটি সম্পর্ক টিকে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস। “আমরা বেঁচেই থাকি বিশ্বাসে। সম্পর্ক সুন্দর রাখতে বিশ্বাসটাই সবচেয়ে জরুরি।”
সাবেক প্রেমিকের কাছ থেকে শেখার বিষয়ে জ্যোতির্ময়ী বলেন, সেই সম্পর্ক তাকে ভালোবাসার গভীরতা বুঝতে শিখিয়েছে। “ওর কাছ থেকে ভালোবাসা শিখেছি। খুব মন দিয়ে সেই প্রেমটা করেছিলাম। কিন্তু সময় সবসময় একরকম থাকে না।”
এদিকে, বাংলাদেশের ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসার কথাও উল্লেখ করেন তিনি। অনেক ভক্তই নাকি তার প্রেমে পড়েছেন— এমন খবরও তার কানে এসেছে।
তবে বিয়ে প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, আপাতত এ বিষয়ে কোনো পরিকল্পনা নেই। এমনকি ভবিষ্যতে বাংলাদেশে বিয়ের ইচ্ছাও নেই বলে জানান এই অভিনেত্রী।

বিনোদন ডেস্ক 











