ঢাকার আশুলিয়া ও সাভারে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আঃ মুত্তালিবসহ একটি দল বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানার দুর্গাপুর পশ্চিমচালা এলাকায় অভিযান চালায়। এ সময় মো. সালাউদ্দিন (২৬) ও মো. সাজু হোসেন (২৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সালাউদ্দিন দুর্গাপুর পশ্চিমচালা এলাকার মো. মাদার আলীর ছেলে এবং সাজু হোসেন একই এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।
ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৪ দশমিক ৬ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৩ হাজার ৮০০ টাকা।
পরে একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে সাভার মডেল থানার মধ্য শ্যামপুর এলাকায় পৃথক অভিযান চালায় ডিবি পুলিশ। এ অভিযানে ফারুক হাসান (৪০) ও মো. আলী হোসেন (৪৬) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, ফারুক হাসান ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার আলগীরচর এলাকার জজ মিয়ার ছেলে। আর মো. আলী হোসেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা এলাকার মৃত মুনসুর আলীর ছেলে। বর্তমানে তিনি চুনকুঠিয়া চৌরাস্তা শাহ টাওয়ার এলাকায় বসবাস করেন।
পুলিশের দাবি, তাদের কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১২০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ঢাকা জেলা ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ফারুক হাসানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রয়েছে। অন্যদিকে মো. আলী হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ডিবি পুলিশের ভাষ্য, গ্রেপ্তার চারজনই পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

বাংলাদেশ খবর ডেস্ক 






