মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে গত ৩১ মে রাত ৯টা ৫ মিনিটে আশুলিয়া থানাধীন উত্তর গাজীরচট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুল মুত্তালিব সঙ্গীয় ফোর্সসহ পেশাদার মাদক ব্যবসায়ী মো. সোহেল মিয়া (৩৬)-কে গ্রেফতার করেন। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
গ্রেফতার সোহেল মিয়ার বাড়ি আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার বগাবাড়ী আমবাগান কবরস্থান সংলগ্ন এলাকায়। তিনি মৃত আলাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে, যা তাকে একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত করেছে।
অপরদিকে, ১ জুন রাত ১টা ৩০ মিনিটে ধামরাই থানাধীন কুমড়াইল এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) মো. জুয়েল মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলেন— মোবারক হোসেন (২৭), ইমরান (২৯) এবং রিপন (২৬)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত তিনজনই ধামরাই উপজেলার কুমড়াইল এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানা গেছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী, মাদক সরবরাহকারী ও কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।
এ বিষয়ে ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ খবর ডেস্ক 






