ঢাকা জেলায় মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে ৭০ পুড়িয়া হেরোইনসহ দুইজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত ২১ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে আশুলিয়া থানা-র দিয়াখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। এ সময় এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযানে অংশগ্রহণ করেন।
অভিযানকালে গ্রেফতার করা হয়—আশুলিয়ার তাজপুর দক্ষিণপাড়া এলাকার হাজী নুরুল ইসলামের ছেলে মোঃ বাদশা মিয়া (৪০) ও
আশুলিয়া উত্তর ঘোমাইল এলাকার মোঃ আব্দুল হকের ছেলে মোঃ আবু তৈয়ব আলী (৪৮), গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৭০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২১,০০০ (একুশ হাজার) টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আশুলিয়া ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। স্থানীয় যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ডিবি (উত্তর) ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে। অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, গ্রেফতারকৃত বাদশার বিরুদ্ধে পূর্বে ৫টি এবং তৈয়ব আলীর বিরুদ্ধে ৩টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তারা বদ্ধপরিকর। মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ কঠোর অবস্থান মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

বাংলাদেশ খবর ডেস্ক 





